খুলনায় ধর্মঘটে কম্পিউটার ব্যবসায়ীরা

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫৮  
বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আইটি মার্কেট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন কম্পিউটার ব্যবসায়ীরা। আমদানিকারকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে অর্ধদিবস ধর্মঘট পালন করে তারা। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে মহানগরীর জলিল মার্কেটের আড়াইশ’ কম্পিউটার দোকানের শাটার বন্ধ রাখা হয়। এসময় কোনো বেচা-কেনা হয়নি ওই মার্কেটে। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার মনিরুল ইসলাম জানিয়েছেন, আমদানিকারকরা কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা বিক্রি করতে পারে না। কিন্তু খুলনায় কিছু কিছু আমদানিকারক নিয়ম না মেনে খুচরা যন্ত্রাংশ বিক্রি করছেন। এটি বন্ধের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অর্ধদিবস ধর্মঘট পালন করা হচ্ছে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে পরে আরও কর্মসূচি নেওয়া হবে।